
মহসিন আলী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ মো. আরিফ হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। পুলিশের দাবি, উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি ফুটওভার ব্রিজে ওঠার সিঁড়ির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পার্বতীপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আরিফ হোসেনের কাছ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার আরিফ হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার শৌলমারী গ্রামের মজিবর মিয়ার ছেলে।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, পাঁচ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১৯(খ) অনুযায়ী মামলাটি রুজু করা হয়েছে।
ওসি জানান, গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, রেলপথ ব্যবহার করে মাদক পরিবহন ও সরবরাহ ঠেকাতে স্টেশন ও ট্রেনকেন্দ্রিক মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 























