
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের স্বাবলম্বী করা এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে বিনামূল্যে বীজ, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
রোববার (২২ নভেম্বর) সকালে বগুড়ার সোনাতলা উপজেলা মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, মসুর ও চিনাবাদামের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি কাজী রফিকুল ইসলাম বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে কৃষকদের যথাযথ সহযোগিতা নিশ্চিত করতে হবে। কৃষকদের পাশে থেকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষিব্যবস্থার প্রসার ঘটাতে হবে। পাশাপাশি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে অনাবাদি জমিতেও ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে হবে। এ ক্ষেত্রে কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক ও সেলিম রেজা বাবলা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা এবং জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আল মামুন অর রশিদ।
উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন জানান, চলতি রবি মৌসুমে সোনাতলা উপজেলায় মোট ৩ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। এর মধ্যে ৩ হাজার কৃষক পাবেন সরিষার বীজ, ১০০ জন পাবেন মসুরের বীজ এবং ১০০ জন পাবেন চিনাবাদামের বীজ।
তিনি আরও জানান, কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণের ফলে উপজেলার রবি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে। একই সঙ্গে কৃষকদের উৎপাদন খরচ কমাতে এ প্রণোদনা সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদকের নাম 











