
সংবাদ আজকাল নিউজ: বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার এলাকায় পূর্ব শত্রুতার জেরে সুব্রত ওরফে শুভ (৪১) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি মঙ্গলবার (২ জুন ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে আদমদীঘি উপজেলার রথবাড়ি এলাকার একটি পুকুরপাড় সংলগ্ন পাকা সড়কে ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রথবাড়ি গ্রামের গুষ্ট মোহন্তের ছেলে সুব্রত ওরফে শুভর সঙ্গে একই এলাকার মৃত গোপালের ছেলে মিঠু ওরফে অটুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সকালে রথবাড়ি পুকুরপাড়ের পাকা সড়কে শুভর ওপর ধারালো চাকু দিয়ে হামলা চালায় মিঠু ওরফে অটুল।
হামলার সময় শুভ চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মিঠু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত শুভকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার খবর পেয়ে শান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান পরিচালনা করে অভিযুক্তের সহযোগী হিসেবে অভিযুক্ত শ্রী প্রসেনজিৎ (পিতা- বিপ্লব কুমার, সাং- রথবাড়ি, থানা- আদমদীঘি, জেলা- বগুড়া) কে গ্রেপ্তার করে ফাঁড়িতে নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, ঘটনার মূল অভিযুক্ত মিঠু ওরফে অটুলকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
প্রতিবেদকের নাম 








