
সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় মাদক সেবন করে মাতলামি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে মো. চাঁন (৩৮) নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মো. চাঁন সান্তাহার পৌর শহরের মালগুদাম এলাকার মৃত মংলা সরদারের ছেলে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় মাদক সেবন করে কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্যকে গালিগালাজ করছিলেন চাঁন। বিষয়টি নজরে এলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক সেবনের অপরাধে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নূর এ নবী ও সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 














