
সংবাদ আজকাল ডেস্ক: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১০ আগস্ট) দুপুরে মামলার শুনানি শেষে বগুড়া সদর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী।
পুলিশ সূত্রে জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই মাসুদুর রহমান আসামির উপস্থিতিতে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তানভীরকে পুলিশ হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণ করে পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
গাজী সালাউদ্দিন আহমেদ তানভীর (৪২) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ছিলেন।
এর আগে গত বুধবার রাজধানীর মিরপুরের মনিপুরী পাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে বগুড়ায় এনে ওইদিনই আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত থেকে কারাগারে নেওয়ার সময় তাকে লক্ষ্য করে পচা ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে বলে জানা গেছে।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগের ঘটনায় গত ৩১ জুলাই গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে দলীয় সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এ সিদ্ধান্ত নেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
এর আগে ২০২৫ সালেও গাজী সালাউদ্দিনকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে বাণিজ্য এবং পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠার পর তাকে অব্যাহতি দেওয়া হলেও পরবর্তীতে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় এনসিপি।
মামলার অভিযোগের বিষয়ে আদালতের পরবর্তী কার্যক্রম ও তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করছে পুলিশ।
প্রতিবেদকের নাম 


















