
সংবাদ আজকাল ডেস্ক: নওগাঁর বদলগাছীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের সময় দায়িত্বে গাফিলতির অভিযোগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। তবে ওই পুলিশ কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, গ্রেপ্তারের প্রথম চেষ্টার সময় ওই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে পালিয়ে যান।
গ্রেপ্তার হওয়া রাকিবুল হাসান বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বদলগাছী উপজেলা শাখার সহসভাপতি হিসেবে পরিচিত।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাকিবুল হাসানের বিরুদ্ধে আদালতে একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় বদলগাছী থানার এসআই অসিত কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, অভিযানের সময় দায়িত্বে অবহেলা করে রাকিবুলকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগ ওঠে এসআই অসিত কুমারের বিরুদ্ধে। বিষয়টি জানার পর ওই রাতেই তাকে বদলগাছী থানা থেকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়।
তবে পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, প্রত্যাহারের আদেশের পরও একই দিন ভোররাতে রাকিবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন এসআই অসিত কুমার।
এদিকে, দায়িত্বে গাফিলতি এবং অর্থের বিনিময়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন এসআই অসিত কুমার। তিনি বলেন, প্রথমবার গ্রেপ্তারের চেষ্টা করার সময় রাকিবুল পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান। এরপর তাকে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার প্রচারণা চালানো হয়েছে, যা সম্পূর্ণ অসত্য।
এসআই অসিত কুমার আরও বলেন, দ্বিতীয় দফায় তিনিই রাকিবুল হাসানকে গ্রেপ্তার করেন। তিনি বলেন, তিনি কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করে কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার রাকিবুল হাসানকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।
প্রতিবেদকের নাম 























