
সংবাদ আজকাল ডেস্ক: উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) সকালে ঢাকা থেকে বগুড়ার পথে রওনা হয়েছেন সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি। এছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
জানা গেছে, প্রতিনিধি দলটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হন। বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণ, পাইলট ট্রেনিং সেন্টার স্থাপন এবং আধুনিক কার্গো ফ্যাসিলিটি চালুর সম্ভাবনা নিয়ে তারা বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।
এ বিষয়ে তথ্য নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
সংশ্লিষ্টরা বলছেন, বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মিত হলে উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য রপ্তানি, পর্যটন শিল্প ও বিনিয়োগে নতুন সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে কার্গো সুবিধা চালু হলে কৃষিপ্রধান এ অঞ্চলের সবজি, ফলমূল ও অন্যান্য পণ্য দ্রুত দেশের বিভিন্ন অঞ্চল এবং বিদেশে রপ্তানি করা সহজ হবে।
এছাড়া পাইলট ট্রেনিং সেন্টার স্থাপিত হলে দেশের বিমান চলাচল খাতে দক্ষ জনবল তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মধ্যে এ উদ্যোগকে ঘিরে ইতোমধ্যে আশাবাদ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিনের অবহেলিত উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এটি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে।
প্রতিবেদকের নাম 
















