
মহসিন আলী পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ছোট চন্ডিপুর এলাকায় ছবি রানী (৩৮) ও তার মেয়ে পল্লবী রানী (১৫) হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) দুপুর ২টায় উপজেলার রামচন্দ্রপুর-হাবড়া এলাকায় বাদী পক্ষের বসতবাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উজ্জ্বল রায়। বক্তব্যে তিনি অভিযোগ করেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে নিহত ছবি রানীর স্বামী রিপেন চন্দ্র, স্থানীয় গৌতম চন্দ্র রায়, বিপুল চন্দ্র রায় এবং রিপেন চন্দ্রের কথিত পরকীয়া সম্পর্কের সঙ্গী নমিতা রানী জড়িত। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহতদের স্বজন লিপি রানী, সাধনা রানী রায়, সুনিল, বড় ভাই, খালাতো বোন, ছোট ভাই, স্বপ্না রানী, শহীদুল, লেবু, বুলবুলি, উজ্জ্বলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা।
বক্তারা বলেন, মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, ঘটনার পর থেকে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, গত ১৩ জুলাই পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ছোট চন্ডিপুর এলাকায় ছবি রানী ও তার মেয়ে পল্লবী রানীর মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত চলমান রয়েছে।
প্রতিবেদকের নাম 
















