
নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (ভূমি) (এসিল্যান্ড) প্রত্যাহার করেছে সরকার। প্রত্যাহার করা কর্মকর্তাদের সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো।জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, প্রত্যাহার করা কর্মকর্তারা দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাদের মধ্যে বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় কর্মরত কর্মকর্তারা রয়েছেন।
প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং যে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে, তা উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএমএস) হালনাগাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।
প্রতিবেদকের নাম 






















