
নিউজ ডেস্ক: বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর ২০২৬) আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগ, বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আল মামুন হক, ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপপরিচালক শাফিউজ্জামান, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু এবং বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এইচ এম মাফতুন আহমেদ খান রুবেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র চালুর ফলে স্থানীয় মুসল্লিদের পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের ইসলামি শিক্ষা ও ধর্মীয় জ্ঞান অর্জনের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
প্রতিবেদকের নাম 














