
নিউজ ডেস্ক: বগুড়ার সোনাতলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে পৃথকভাবে সভা দুটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামানিক। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল, পাকুল্লা ইউপি চেয়ারম্যান এ কে এম লতিফুল বারী টিম, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, দিগদাইড় ইউপি চেয়ারম্যান শহিদুল হক টুল্লু, সোনাতলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা।
মাসিক সমন্বয় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, জনসেবা এবং প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় তুলে ধরেন।
সভায় সড়ক ও যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, ভূমি ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সরকারি সেবার কার্যক্রম নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পের কাজের মান নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কাছে দ্রুত সরকারি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় দেশের বিভিন্ন স্থানে মানুষের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত হওয়ার বিষয়েও আলোচনা হয়। সোনাতলা উপজেলায় সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
অন্যদিকে আইনশৃঙ্খলা সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। মাদক, চুরি-ছিনতাই, জুয়া ও অন্যান্য অপরাধ দমন, সড়ক নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
সোনাতলা থানার ওসি কবির হোসেন উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের চলমান কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করেন। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও টহল অব্যাহত রাখার পাশাপাশি মাদকসহ অন্যান্য অপরাধের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সভায় জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসাধারণের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও স্বীকৃতি প্রামানিক বলেন, উপজেলার উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।
প্রতিবেদকের নাম 

















