
সোনাতলা প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. নাজিম উদ্দীন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার আগুনিয়াতাইড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাকে বগুড়ার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার নাজিম উদ্দীন সোনাতলা পৌরসভার আগুনিয়াতাইড় গ্রামের মৃত নাজমুল হক প্রধানের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর দুপুরে সোনাতলা পৌরসভার মাষ্টারপাড়া সংলগ্ন রেললাইনের পাশে একটি বাড়িতে ওই গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে নাজিম উদ্দীনের বিরুদ্ধে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় ওই গৃহবধূ বাড়িতে একা ছিলেন। এ সময় নাজিম উদ্দীন ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।
এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে ১২ সেপ্টেম্বর রাতে সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর অভিযুক্ত নাজিম উদ্দীন আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানায়। পরে পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাতে আগুনিয়াতাইড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন বলেন, ধর্ষণ মামলার আসামি নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়েছে ।
প্রতিবেদকের নাম 










