
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে মোঃ শাহিন (৪০) নামের এক যুবকের পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত শাহিন সদর উপজেলার শিকারপুর মধ্যপাড়া এলাকার মোঃ সিফাতের ছেলে।
এ ঘটনায় গত ৫ মে শাহিনের ভাবী রোজিনা খাতুন বাদী হয়ে বগুড়া সদর থানায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (৪ মে) সদর উপজেলার শিকারপুর মধ্যপাড়া এলাকায় পূর্ব বিরোধের জেরে উল্লেখিত আসামিরা শাহিনের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেয় তারা। পরে স্থানীয়রা ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় শাহিনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
মামলায় আসামি করা হয়েছে— শিকারপুর মধ্যপাড়া এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ সাজু (৪৫), মোঃ সেতু (৩৫), মোঃ রানা (৪০), মৃত বাদশার ছেলে মোঃ রাজু (৪৫), নুরুল ইসলামের ছেলে মোঃ সাদিক (৩২) এবং মৃত ময়েন উদ্দিনের ছেলে মোঃ আবু বক্কর (৬৫)-কে।
বাদীপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে একটি দেওয়ানি মামলাও বিচারাধীন রয়েছে। মামলায় প্রতিপক্ষের নিষেধাজ্ঞার আবেদন আদালত নামঞ্জুর করার পর থেকেই তারা বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার দিন শাহিনের চাচাতো ভাই মিলনের সঙ্গে আসামিদের বাকবিতণ্ডার প্রতিবাদ করায় শাহিনের ওপর হামলা চালানো হয়। একই সময়ে আসামিরা বাদীর বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে দুই লাখ টাকা চুরি এবং শাহিনের কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ রয়েছে। যাওয়ার সময় তারা ঘরে আগুন ধরিয়ে দিলে পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে ২০২৫ সালের ২৩ নভেম্বর একই বিরোধকে কেন্দ্র করে বাদীপক্ষের পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছিল বলে জানা গেছে।
মামলার বাদী রোজিনা খাতুন বলেন, “জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরেই শাহিনের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। এখন আমরা কেউ বাড়িতে যেতে পারছি না। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের পরিবারের সদস্যদের হাত-পা কেটে ফেলার হুমকি দিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইব্রাহীম আলী বলেন, “উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শাহিন নামে এক যুবকের পায়ের রগ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রতিবেদকের নাম 


















