
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় একটি কিন্ডারগার্টেন স্কুলের টিনশেড ঘর থেকে ছয়টি সিলিং ফ্যান চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চুরি হওয়া ফ্যান উদ্ধার এবং জড়িতদের শনাক্তে তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
চুরির ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাতলা রেলওয়ে স্টেশন সংলগ্ন জাহাঙ্গীর আলম গুড ম্যর্নিং কেজি স্কুলে। স্কুল কর্তৃপক্ষের দাবি, গত ২৬ সেপ্টেম্বর শনিবার দিবাগত গভীর রাতে কোনো এক সময় চোরেরা স্কুলের টিনশেড ঘরে প্রবেশ করে সেখানে থাকা ছয়টি সিলিং ফ্যান খুলে নিয়ে যায়।
স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২৬সেপ্টেম্বর শনিবার সকালে স্কুলের কর্মচারীরা এসে টিনশেড ঘরের ফ্যানগুলো দেখতে না পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে স্কুলের পরিচালক এটিএম রেজাউল করিম মানিক বিষয়টি জানতে পেরে সোনাতলা থানা পুলিশকে অবহিত করেন।
স্কুলের পরিচালক এটিএম রেজাউল করিম মানিক বলেন, “সকালে কর্মচারীরা এসে দেখতে পান টিনশেড ঘরে থাকা ছয়টি ফ্যান নেই। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এর আগেও আমাদের স্কুল থেকে ফ্যান চুরির ঘটনা ঘটেছে। আমরা চাই, তদন্তের মাধ্যমে চুরি হওয়া ফ্যানগুলো উদ্ধার করা হোক এবং জড়িতদের আইনের আওতায় আনা হোক।
তিনি আরও বলেন, “চুরির সঙ্গে জড়িতদের শনাক্তে সহযোগিতার জন্য স্কুলের পক্ষ থেকে মাইকিং করা হবে। কেউ নির্ভরযোগ্য তথ্য দিয়ে চোর শনাক্ত ও গ্রেপ্তারে সহযোগিতা করলে তাকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “স্কুল কর্তৃপক্ষ আমাকে বিষয়টি জানিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে চুরির ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে তথ্য চেয়ে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, চুরি হওয়া ফ্যান বা চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য জানা থাকলে তা পুলিশ বা স্কুল কর্তৃপক্ষকে জানাতে।
স্কুল কর্তৃপক্ষের প্রত্যাশা, পুলিশ তদন্তের মাধ্যমে দ্রুত চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করবে, চুরি যাওয়া ফ্যানগুলো উদ্ধার করবে এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনবে।
প্রতিবেদকের নাম 


















