
সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার সদর উপজেলার এরুলিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— বগুড়ার বেলাল হোসেন (৩৭), গাইবান্ধার আমিরুল ইসলাম (৪৫), নূর আলম (৩৫), ফয়জার রহমান (৪৩) ও আবদুর রহিম (৪৬)। অপর দুইজনের পরিচয় শনাক্তে কাজ চলছে।
বগুড়া সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম শফিক জানান, রাতে ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে ছেড়ে আসা শাহ ফতেহ আলী পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস শুক্রবার ভোরে এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে অবস্থানরত দিনমজুর ও কৃষিশ্রমিকদের ওপর উঠে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদকের নাম 








