সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টা ১৫ মিনিটে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর হরিখালী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বুধবার দুপুরে দায়িত্ব পালনরত অবস্থায় হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ক্যাম্পাসে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন অধ্যক্ষ আশরাফুল ইসলাম। পরে সহকর্মীরা দ্রুত তাঁকে অ্যাম্বুলেন্সযোগে টিএমএসএস রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
সদা হাস্যোজ্জ্বল ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন অধ্যক্ষ আশরাফুল ইসলাম। তাঁর অকাল মৃত্যুতে শিক্ষক সমাজ, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসান হাবীব রাজা, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, মেগা হেক্সা ফিডস লিমিটেডের এজিএম কৃষিবিদ এনামুল হক, হরিখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা জাসাসের সভাপতি উজ্জ্বল হোসেন খোকন।