সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. ছাদেক আলী চতে (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে র্যাব-১২ বগুড়ার সহায়তায় সোনাতলা থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ছাদেক আলী সোনাতলা উপজেলার লোহাগড়া গ্রামের মৃত আজিমুদ্দিন প্রামাণিকের ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুন দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর জোড়গাছা ইউনিয়নের নিমেরপাড়া গ্রামের একটি ছ-মিলের ভেতরে কৌশলে ডেকে নিয়ে ১০ বছর বয়সী ওই শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন, ঘটনার সঙ্গে গ্রেপ্তার আসামির সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাজিলপুর এলাকার একটি পুকুরপাড়ের টংঘর থেকে ছাদেক আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।