সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমির নূরানী শাখায় শিক্ষার্থীদের হাতের লেখা প্রদর্শনী, নূরানী বোর্ডের সনদ বিতরণ এবং পবিত্র কুরআনুল কারিম খতম উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) টিএনটি অফিস সংলগ্ন রহমানিয়া ইসলামিয়া একাডেমির নূরানী শাখা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন হযরত মাওলানা আবেদ আলী ফারুকী। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা হাফেজ জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মানওয়ার মাসুম, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক, ছাত্র-ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয়, নৈতিক ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। শিশুদের শৈশব থেকেই পবিত্র কুরআনের শিক্ষা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা রাখতে হবে।
এদিকে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও লেখাপড়ার অগ্রগতি তুলে ধরতে হাতের লেখা প্রদর্শনীর আয়োজন করা হয়। পাশাপাশি নূরানী বোর্ড কর্তৃক প্রদত্ত সনদ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের স্বীকৃতি প্রদান করা হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।