সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, কিশোরগ্যাং, অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টায় সোনাতলা সদর ইউনিয়নের রানিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উঠান বৈঠকের আয়োজন করে সোনাতলা থানা।
৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা থানার বিট অফিসার এসআই গৌতম চক্রবর্তী, সোনাতলা উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার জাকারিয়া ফেরদৌস উজ্জ্বল, রানিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ছাবিনা ইয়াসমিন, সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. জিয়াউর রহমান জুয়েল এবং জোড়গাছা ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. বকুল সরকার।
বক্তারা বলেন, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোরগ্যাং, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ সমাজের জন্য বড় ধরনের হুমকি। এসব অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।
এ সময় শিশু-কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ সম্পর্কে সতর্ক থাকা এবং যেকোনো অপরাধের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।
উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দা, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।