নিজস্ব প্রতিবেদক, সোনাতলা (বগুড়া): তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই—এমন বার্তা ছড়িয়ে দিতে বগুড়ার সোনাতলায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। ছাত্রদল নেতা ইবনে আনাস স্বরণ-এর উদ্যোগে সোনাতলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এ ক্রীড়াসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও স্থানীয় তরুণদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। আয়োজকদের ভাষ্য, বর্তমান সময়ে মাদকের বিস্তার তরুণ সমাজের জন্য বড় ধরনের উদ্বেগের বিষয়। তাই শিক্ষার্থীদের খেলাধুলা, শরীরচর্চা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, তরুণদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। মাঠমুখী হলে তারা মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকার সুযোগ পায়। তাই যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে ব্যক্তি ও সামাজিক উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।
তারা আরও বলেন, শুধু ক্রীড়াসামগ্রী বিতরণ করলেই হবে না, সন্তানদের প্রতি পরিবারকেও দায়িত্বশীল হতে হবে। অভিভাবকদের উচিত নিয়মিত সন্তানদের চলাফেরা, বন্ধু নির্বাচন ও দৈনন্দিন কর্মকাণ্ডের খোঁজ রাখা। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় নেতৃত্ব একসঙ্গে কাজ করলেই মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী বলেন, ছাত্রদল নেতা ইবনে আনাস স্বরণের এই ক্রীড়াসামগ্রী বিতরণ কর্মসূচি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করবে এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।