সংবাদ আজকাল ডেস্ক: জুলাই-গণ অভ্যর্থনা দিবস ২০২৬ উপলক্ষে বগুড়ার সোনাতলা উপজেলায় জুলাই আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় সোনাতলা উপজেলার সাধারণ শিক্ষার্থী ও সচেতন সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সোনাতলা উপজেলার শহীদ সৈকত চত্বরে পরে রাত ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুলাই যোদ্ধা এম আর হাসান রিয়াদ এবং সভাপতিত্ব করেন জুলাই যোদ্ধা ইবনে আনাস স্বরন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জাসাসের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল হোসেন খোকন, পৌর বিএনপি নেতা মো. মুঞ্জু, সোনাতলা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. শাহরুল ইসলাম লাজু, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদুর রহমান চাঁদ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তাকবির এবং জুলাই যোদ্ধা মো. ওয়াশিম ইসলাম।
বক্তারা বলেন, “আমরা স্বাধীনতা দেখিনি, আমরা জুলাই দেখেছি। জুলাই আমাদের আত্মত্যাগ, সাহস, ঐক্য এবং গণঅধিকার আদায়ের প্রতীক। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই চেতনা কোনোভাবেই বিস্মৃত হওয়ার নয়। তাঁদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে এবং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা শেষে জুলাই আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রায় শতাধিক জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।মোমবাতির আলোয় শহীদদের স্মরণে নীরবতা পালন এবং শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।