
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজায়নের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার সোনাতলা উপজেলার এনায়েত আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সোনাতলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও উপজেলা ছাত্রদল নেতা ইবনে আনাস স্মরণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জোড়গাছা ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ নীরব, সাদিক আহমেদ, লিঙ্কন, নিশাত, আব্দুর রাহাত, সিয়াম, তপুসহ স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা।
তারা বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, “গাছ মানুষের জীবন ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে পরিবেশ দূষণ, তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ফলে যে বৈশ্বিক সংকট সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”
তারা আরও বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজ ও মনোরম পরিবেশে পরিণত করতে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে ওঠে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নির্মাণে সহায়তা করে। সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণের অংশ হিসেবে ছাত্রদল ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে।”
অনুষ্ঠান শেষে রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করা হয়। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় নয়, বরং তরুণ সমাজকে সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।