সংবাদ আজকাল ডেস্কঃ বগুড়ার সোনাতলা উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কারিগরি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ দুটি কার্যক্রম সম্পন্ন করেছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) জোড়গাছা ইউনিয়নের রংরার পাড়া মৌলভীর মোড় থেকে খোকনের দোকান পর্যন্ত ১০০০ মিটার গ্রামীণ মাটির রাস্তা টেকসই উন্নয়নের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের (২য় পর্যায়, ৩য় সংশোধিত) শুভ উদ্বোধন করেন তিনি।
একই দিনে সোনাতলা উপজেলায় আধুনিক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য ভেন্যুসমূহ সরেজমিনে পরিদর্শন করেন এমপি কাজী রফিকুল ইসলাম। পরিদর্শনকালে তিনি স্থানগুলোর ভৌগোলিক উপযোগিতা, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত সম্ভাবনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রমাণিক, সোনাতলা থানা অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায়ক রাসেদুর রহমান হান্নান, উপজেলা কৃষকদলের আহবায়ক এমদাদুল হক বাদশা এবং উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, মধুপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক জুলফিকার রহমান জুলফি, সহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়দের আশা, এ কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, অন্যদিকে প্রস্তাবিত টিটিসি স্থাপনের মাধ্যমে এলাকার তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।