সংবাদ আজকাল ডেস্ক: রংপুর মিঠাপুকুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (গতকাল) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল, জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল, মহিলা দলের নেত্রী মমতাজ বেগম রানী, জামায়াত নেতা হাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
অভিযানের অংশ হিসেবে মশার প্রজননস্থল চিহ্নিত করা, জমে থাকা পানি অপসারণ, বিভিন্ন স্থাপনা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়। নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
মিঠাপুকুর উপজেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।