সংবাদ আজকাল ডেস্ক: সৌদি আরবের পবিত্র ভূমিতে হামলা এবং ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। পবিত্র দুই নগরী মক্কা ও মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষায় মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান আজহারী।
পোস্টে তিনি লেখেন, ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো।’
পবিত্র মক্কা ও মদিনার ধর্মীয় গুরুত্ব তুলে ধরে আজহারী বলেন, এই দুই নগরী শুধু ভৌগোলিক অবস্থান নয়; বরং সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। পবিত্র এই ভূমিতে হামলা এবং নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও বেদনাদায়ক বলেও উল্লেখ করেন তিনি।
আজহারী আরও বলেন, মহান আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপ্রাপ্ত এই ভূমির পবিত্রতা ও সম্মান ক্ষুণ্ন করার পরিণতি ভয়াবহ।
পোস্টের শেষাংশে তিনি পবিত্র মক্কা ও মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
আজহারীর এই বার্তায় পবিত্র দুই নগরীর নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষার পাশাপাশি ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।