সংবাদ আজকাল ডেস্ক: বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন ২০২৬) জেলার গাবতলী উপজেলার বাগবাড়ী জিয়া বাড়ীতে এ উপলক্ষে কোরআনখানি, দোয়া মাহফিল এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সন্ধান সরকার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ফজলুল বারী তালুকদার বেলাল, সিনিয়র সহ-সভাপতি এ,কে,এম আহসানুল তৈয়ব জাকির, সহ-সভাপতি এম,আর ইসলাম স্বাধীন, মোরশেদ মিলটন এমপি, সাংগঠনিক সম্পাদক শহিদ-উন-নবী সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, এনামুল হক শাহীন, এনামুল হক নতুন, সদস্য অধ্যাপক আশরাফ হোসেন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসানসহ বিএনপি, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। তারা তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রয়াত আরাফাত রহমান কোকো'র রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব মাওলানা হামিদুল হক।
অনুষ্ঠানের শেষ পর্বে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে জিয়া বাড়ী প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। এতে বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।