মহসিন আলী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (LDDP)-এর আওতায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ডেইরি প্রডিউসার গ্রুপ (PG) সদস্যদের মাঝে আধুনিক উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে ২০২৬) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাসেল পারভেজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনের সভাপতিত্বে সভায় স্বাগতম বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পবিত্র কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী।
সভায় বক্তারা জানান, LDDP প্রকল্পের আওতায় খামারিদের খড় কাটার মেশিন, টিকা, কৃমিনাশকসহ বিভিন্ন প্রণোদনা প্রদান করা হয়েছে। এসব সহায়তা খামার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এনেছে এবং দুধ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পার্বতীপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার আওতায় ১৮টি ডেইরি প্রডিউসার গ্রুপের মোট ৭২০ জন সদস্যের মাঝে উপকরণ বিতরণ করা হয়।
বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে— ২০ লিটার ধারণক্ষমতার ২টি মিল্ক ক্যান, ১০ লিটারের ১টি মিল্ক বাকেট, ১ সেট মিল্ক মেজারিং পট, ১টি টিট ডিপিং কাপ, ১ জোড়া হ্যান্ড গ্লাভস, ১টি থার্মোমিটার ক্লক এবং ১ জোড়া গামবুট।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ডাঃ মোসাহেব আহমেদ নাঈম।
স্থানীয় খামারিরা জানান, এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে ডেইরি খাতে উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।