নিউজ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে নৌ পুলিশ। এ সময় কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে একজনকে আটক করা হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) দৌলতদিয়া-পাটুরিয়া গামী ফেরি ও লঞ্চ চলাচলের রুটে কারেন্ট জাল ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে সেই লক্ষে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে পদ্মা নদী থেকে কারেন্ট জাল পেতে মাছ ধরা অবস্থায় জেলে মো. মাসুদ প্রামানিক (২০) নামে একজনকে আটক করা হয়। তিনি দৌলতদিয়া ইউপির সিদ্দিক কাজির পাড়া গ্রামের মো. শহীদ প্রামাণিকের ছেলে।
দৌলতদিয়া নৌ পুলিশ সূত্রে জানা যায়, দৌলতদিয়া ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স দৌলতদিয়া-পাটুরিয়া গামী ফেরি ও লঞ্চ চলাচলের রুটে কারেন্ট জাল ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে সেই লক্ষে পদ্মা নদীতে অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ১ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয় এবং পদ্মা নদী থেকে কারেন্ট জাল পেতে মাছ ধরা অবস্থায় জেলে মাসুদ প্রামানিক নামে এক জনকে আটক করা হয়। পরে উদ্ধার করা জাল নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা বলেন, “অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এক লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করে তা নদীর পারে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আটক জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা প্রক্রিয়াধীন রয়েছে।”