সংবাদ আজকাল নিউজ: নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা ও টাকা লুটের আলোচিত মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১২ জুলাই) সকালে নরসিংদী (রায়পুরা) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাতুল ইসলামের আদালতে আসামিদের হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা দিলীপ চন্দ্র সরকার তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রেলওয়ে থানা পুলিশ, রেলওয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকা থেকে মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, গত ৪ জুলাই মেথিকান্দা রেলস্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা ও টাকা লুটের অভিযোগে মামলা দায়ের করা হয়।