
সংবাদ আজকাল নিউজ: বগুড়ার নন্দীগ্রামে বান্ধবীর পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এক পঞ্চম শ্রেণির ছাত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ১২ বছর বয়সী ওই ছাত্রী তার প্রতিবেশী বান্ধবী আছিয়া খাতুনের খোঁজে তাদের বাড়িতে যায়। অভিযোগ রয়েছে, বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে বান্ধবীর পিতা দোলা হোসেন (৩৫) ওড়না দিয়ে তার মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না বলার জন্য তাকে ভয়ভীতি দেখানো হয়। এ কারণে ভুক্তভোগী দীর্ঘদিন ঘটনাটি গোপন রাখে।
অভিযুক্ত দোলা হোসেন দামগাড়া গ্রামের মাদারতলা এলাকার মোজাফফর হোসেনের ছেলে। তিনি পেশায় একজন আইসক্রিম বিক্রেতা।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ মে মেয়েটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার মা বিষয়টি জানতে চাইলে সে কান্নাজড়িত কণ্ঠে ধর্ষণের ঘটনার কথা খুলে বলে। পরে একই দিন তাকে নন্দীগ্রাম ফাতেমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা শেষে রিপোর্টে উল্লেখ করেন, শিশুটি ৪ মাস ১০ দিনের অন্তঃসত্ত্বা।
ঘটনার পর উভয় পরিবারের মধ্যে বিষয়টি নিয়ে পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়। তবে কোনো সমাধান না হওয়ায় গত ২ জুন ভুক্তভোগীর মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার পেয়েছেন থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজু কামাল বলেন, "ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাটি জানাজানির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত সম্পন্ন করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।