সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার নন্দীগ্রামে গভীর রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল ফেলে পালিয়ে যান মিছিলকারীরা। পরে ঘটনাস্থল থেকে জ্বলন্ত অবস্থায় আটটি মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার রণবাঘা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে রণবাঘা বাইপাস এলাকার একটি সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী মশাল মিছিল বের করেন। মিছিল চলাকালে তাঁরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটান বলে জানা গেছে। বিস্ফোরণের বিকট শব্দ শুনে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। পরে তাঁরা মিছিলকারীদের ধাওয়া করলে মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল ফেলে গ্রামের ভেতরে পালিয়ে যান তাঁরা।
এদিকে, একই রাতে বিস্ফোরক মামলায় ওমর ফারুক (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নন্দীগ্রাম ইউনিয়নের কৈগাড়ি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। উপজেলার কৈডালা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নন্দীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এলআর বলেন, ঘটনার সময় তাঁরা দলীয় কার্যালয়ের ভেতরে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে দ্রুত বাইরে বের হয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া করেন। এ সময় তাঁরা কয়েকটি মশাল ফেলে পালিয়ে যান। তিনি আরও বলেন, কোনো অপশক্তি যাতে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে বিএনপির নেতাকর্মীরা সব সময় সতর্ক ও প্রস্তুত রয়েছেন।
খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জ্বলন্ত অবস্থায় আটটি মশাল ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামের ভেতরে পালিয়ে যান। তাঁরা নাশকতার উদ্দেশ্যে মিছিল বের করেছিলেন বলে জানান তিনি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি।