নিউজ ডেস্ক: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পৃথক অভিযানে চেতনানাশক ঔষধ প্রয়োগ করে ইজিবাইক চুরির চেষ্টার মামলার এক আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার দিবাগত রাতে দুপচাঁচিয়া থানা পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ শাহিন হোসেন। তিনি জয়পুরপাড়া এলাকার মোঃ এমদাদুল হকের ছেলে। এছাড়া নারী নির্যাতন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ মজনু সাকিদারকে আটক করা হয়। তিনি দুবড়া মধ্যপাড়া এলাকার মৃত: মোঃ ভুলু সাকিদারের ছেলে।
অপরদিকে, চেতনানাশক ঔষধ প্রয়োগ করে ইজিবাইক চুরির চেষ্টার অভিযোগে মোঃ জাহাঙ্গীর আলম (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর থানার চান্দাশ ডাকঘরের লাউডাঙ্গা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে। তাকে পৌরসভার তিষিগাড়ী এলাকা থেকে আটক করা হয়।
দুপচাঁচিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।