সংবাদ আজকাল ডেস্ক ঃ
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দীর্ঘ ২০ বছর পর ২০ এপ্রিল ২০২৬-এ নিজ পৈতৃক ভিটা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে যাচ্ছেন তারেক রহমান। এই সফরকে ঘিরে জেলায় চলছে জোর প্রস্তুতি। বিশেষ করে গাবতলী এলাকায় আনন্দের জোয়ার বইছে 'ঘরের ছেলে ঘরে ফিরছে' এমন অনুভূতিতে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা।
বুধবার সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউজে আয়োজিত এক সাংবাদিক ব্রিফিংয়ে সফরের বিস্তারিত তুলে ধরেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ব্রিফিংয়ে জানানো হয়, সফরকালে প্রধানমন্ত্রী বগুড়াবাসীর জন্য বেশ কিছু উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন এবং জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আধুনিক 'ই-বেইল বন্ড' কার্যক্রম চালু। এছাড়া তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এর জন্মভূমি গাবতলীর বাগবাড়ী সফর করবেন।
সেখানে জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ এবং খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পরে ঐতিহাসিক 'জিয়াবাড়ী' পরিদর্শনের কথা রয়েছে তাঁর। সফরের শেষাংশে বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে ব্রিফিং শেষে সংশ্লিষ্ট মন্ত্রিপরিষদ সদস্য ও কর্মকর্তারা জনসভাস্থলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভেন্যু পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বগুড়া -৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বগুড়া সার্কিট হাউজে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
সভায় পুলিশ সুপার মীর্জা সায়েমসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা, যানবাহন চলাচল এবং জনসমাগম ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। ইতোমধ্যে সফরের সার্বিক সময়সূচি উল্লেখ করে প্রটোকল অফিস থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান গাবতলীর বাগবাড়ীতে তারেক রহমানের আগমনকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে