নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সদস্য কে.এস.এম. মোস্তাফিজুর রহমানকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে সমন্বিত গোয়েন্দা দলের সদস্যরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, আওয়ামী লীগের চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। তিনি সাবেক সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবেও পরিচিত। এ ছাড়া জুলাই-সংক্রান্ত তিনটি মামলায় তার নাম রয়েছে বলে জানা গেছে।
সূত্রের দাবি, মোস্তাফিজুর রহমান ও ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। পাশাপাশি বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধ অর্থায়ন গ্রহণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।