সংবাদ আজকাল ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের ছোনকা এলাকায় গরুভর্তি ট্রাকে সংঘটিত সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শেরপুর থানা পুলিশের যৌথ দল। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, লুট হওয়া দুইটি জীবিত গরু এবং পাঁচটি মৃত গরু উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৯ জুলাই) মো. জামাল উদ্দিন (৩৩) শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ হাট থেকে ছোট-বড় মিলিয়ে মোট ১২টি গরু কিনে একটি ট্রাকে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন।
পথিমধ্যে বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলার ছোনকা এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের গতিরোধ করে। পরে ওই ট্রাক থেকে ১০-১২ জনের একটি ডাকাত দল নেমে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা ট্রাকের বাম পাশের দরজার গ্লাস ভেঙে চালক, হেলপার ও গরুর মালিককে জিম্মি করে এলোপাতাড়ি মারধর করে।
একপর্যায়ে ডাকাতরা ট্রাকে থাকা আনুমানিক ১৫ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ১২টি গরু, তিনটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় শেরপুর থানায় মামলা নং-১৬, তারিখ ৯ জুলাই ২০২৬, পেনাল কোড ১৮৬০-এর ৩৯৫/৩৪ ধারায় মামলা রুজু করা হয়।
মামলার পর বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শেরপুর থানা পুলিশ ছায়াতদন্ত শুরু করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। তারা হলেন দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রায়পুর গ্রামের আব্দুস সালাম সরকার (৩৫) এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের বুলু মিয়া (২৮)।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং ট্রাকে থাকা পাঁচটি মৃত গরু উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (১০ জুলাই) রাত ১টা ৪৫ মিনিটে যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাসিন্দা মহিদুল (৩৪) নামে আরও এক সদস্যকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে লুট হওয়া দুইটি জীবিত গরু উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া মহিদুলের বিরুদ্ধে এর আগেও একটি চুরির মামলা বিচারাধীন রয়েছে।
বগুড়া জেলা পুলিশ জানিয়েছে, ডাকাতির ঘটনায় জড়িত পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।