সংবাদ আজকাল ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, অবৈধ অটোরিকশার কারণে দেশে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে। এসব অবৈধ সংযোগ বন্ধ করতে গেলে সংশ্লিষ্টরা উল্টো হামলা চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জ্বালানিমন্ত্রী।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অবৈধ অটোরিকশার কারণে এমন একটি বিদ্যুৎ চাহিদা তৈরি হয়েছে, যা আগে ছিল না। অবৈধ সংযোগ বন্ধে অভিযান চালাতে গেলে বাধার মুখে পড়তে হচ্ছে।
দেশে এলএনজি সরবরাহ বাড়াতে আরও তিনটি টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি। মন্ত্রী বলেন, প্রায় ১০-১২ দিন আগে একটি টার্মিনালের জন্য অর্ডার দেওয়া হয়েছে। এছাড়া মোংলা-হিরন পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এ সময় জ্বালানি তেল নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানান তিনি। তিনি বলেন, তেল নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয়ে এখন কিছু করার নেই, পরিস্থিতি পর্যবেক্ষণ করে দিন গুনতে হচ্ছে।
বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংকট সমাধানে সরকার আপ্রাণ চেষ্টা করছে। একই সঙ্গে বর্তমান জ্বালানি সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ১৭ বছরে আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতকে সংকটময় অবস্থায় নিয়ে গেছে।
মন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।